বরিশালে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে লাঠিপেটা করেছে পুলিশ বলে অভিযোগ করেছে বিএনপির নেতা কর্মীরা। পরে তারা পুলিশি বাধা উপেক্ষা করে নগরে র্যালি বের করে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।
ররিবার বেলা ১১টায় সদররোডে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।
নগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনির সভাপতিত্বে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও মহানগর যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক।
উপস্থিত ছাত্রনেতারা অভিযোগ করেন, দলীয় কার্যালয় থেকে আমরা র্যালি নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় বের হলে নগরের বিবিরপুকুর পাড় এলাকায় পৌঁছাতে পুলিশ লাঠিপেটা করে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, ‘পুলিশ কারও ওপর লাঠিপেটা করেনি। আর যদি পুলিশ লাঠিপেটা করত তবে র্যালি করা কি তাদের পক্ষে সম্ভব হতো?’
