লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ছয় মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে আবদুর রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।
রবিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর খালা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী কিশোরীর ওপর প্রতিবেশী আব্দুর রশিদের কু-নজর পড়ে। এরপর ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছিল রশিদ। বিষয়টি জানাজানির পর এলাকায় একাধিকবার মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। বিষয়টি পুলিশের নজরে আসলে রবিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে আবদুর রশিদকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
