বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করতে যাচ্ছে কক্সবাজার জেলা বিএনপি। সোমবার (০৩ জানুয়ারি) দুপুর ১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না জানিয়েছেন।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে রবিবার বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয় এলাকা পরিদর্শন করে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরীর কাজ করছেন শতাধিক শ্রমিক। জড়ো হওয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীর মাঝেও উৎসাহ দেখা গেছে। জেলা বিএনপির কার্যালয়, শহীদ মিনার এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। জেলার নয় উপজেলা থেকে ৫০ হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করবেন বলে নেতারা দাবি করছেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের জানান, ইতিমধ্যে সোমবারের সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সবাইকে অবহিত করেছি। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন, আওয়ামী লীগসহ সবার সহযোগিতা করবে সেটাই প্রত্যাশা করছি।
