করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক প্রযোজক সোহেল রানার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার সহশিল্পী, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।
বর্তমানে কানাডায় অবস্থান করছেন ববিতা। অন্যদিকে, সোহেল রানা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
সোহেল রানা-বতিতা জুটি বেঁধে বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের।
চলচ্চিত্রের দুই শক্তিমান অভিনেতা-অভিনেত্রী অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে মিন্টু আমার নাম, নাগ পূর্ণিমা, প্রতিহিংসা, বাসনা, খামোশ, অকর্মা, অত্যাচার ইত্যাদি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
মাস চারেক আগে কানাডায় ছেলের বাসায় গেছেন ববিতা। সহশিল্পীর অসুস্থতার খবর পেয়ে সেখান থেকে টেলিফোনে ববিতা স্মৃতিচারণ করে জানান, সোহেল রানা সুস্থ হয়ে ফিরে আসবেন, প্রতিনিয়ত সেই প্রার্থনা করেছেন।
একসঙ্গে অভিনয়ের স্মৃতিচারণ করে ববিতা বলেন, ‘সোহেল রানার সঙ্গে আমার প্রথম অভিনয় মা নামের একটি সিনেমায়। তখনই আমাদের প্রথম পরিচয়। তারপর এক এক করে অনেকগুলো সিনেমা করেছি দুজনে। আমাদের জুটির বেশ কিছু হিট সিনেমা রয়েছে।’
তিনি বলেন, ‘এ জে মিন্টু পরিচালিত মিন্টু আমার সিনেমাটি খুব সাড়া জাগানো একটি সিনেমা। এই সিনেমার একটি গান ‘আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়’- এখনো মানুষের মুখে মুখে ফেরে। এ জে মিন্টুর পরিচালনায় আরও কয়েকটি সিনেমা করেছি সোহেল রানার বিপরীতে।’
অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি। উনি মানুষ হিসেবে যেমন অসাধারণ অভিনেতা হিসেবেও অসাধারণ। তিনি খুব স্পষ্ট কথা বলেন। যখন শুটিং করেছি তখন দেখেছি, খুব টাইম মেইনটেইন করেন। উনার জন্য দোয়া করছি।’
৭৪ বছর বয়সী সোহেল রানাকে সপ্তাহ খানেক আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার।
