বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত ২ শিশু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০২:২৪ এএম

শরীয়তপুর নড়িয়া উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া আদর্শগ্রামে এ ঘটনা ঘটে।

আহত মাইজপাড়া আদর্শগ্রামের আফজাল হাওলাদারের ছেলে অয়ন হাওলাদার (৮) ও হানিফা হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৭)। শিশুদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অয়নের বাবা আফজাল হাওলাদার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অয়নের বাড়ির পাশের সড়কের লাউয়ের ঝাঁকার নিচ থেকে অয়ন ও রনি খেলার বল মনে করে ককটেলটি কুড়িয়ে নিয়ে পাশের মাঠে খেলতে যায়। তখন ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুজনের পা, হাতসহ বিভিন্ন স্থানে ক্ষত হয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী দুই শিশুকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

নড়িয়া থানা ওসি অবনী শংকর কর বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং সদর হাসপাতালে আহত শিশুদের দেখতে যাই। তিনি আরও বলেন, গতকাল রাতেও এলাকাবাসী দুটি বিকট শব্দ পায়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত