আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। দীর্ঘ ১৮ বছর জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন হাফিজ।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ৪১ বছর বয়সী অলরাউন্ডারের। আর ক্যারিয়ার শেষ করলেন ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে। তিন ফরম্যাটে মিলিয়ে করেছেন ১২৭৮০ রান। নিয়েছেন ২৫৩ উইকেট। হয়েছেন ৩২ বার ম্যাচ সেরা। যা পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ।
অবসরের প্রসঙ্গে হাফিজ বলেন, ‘১৮ বছর আগে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যে সুন্দর অভিযান শুরু হয়েছিল আমার তার থেকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় চাইছি।’
হাফিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল। ম্যাচটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান।
বয়স হয়ে যাওয়ায় গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেওয়ার কথা ছিল হাফিজের। কিন্তু করোনা মহামারির কারণে সেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করে ঠিকই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ।
সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে ২০১৮ সালের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নেন ‘প্রফেসর’ খ্যাত তারকা। হাফিজ শেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে, লর্ডসে বাংলাদেশের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা না গেলেও এই টপ-অর্ডার ব্যাটার ও অফ-স্পিনার আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। এছাড়া বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলে যাবেন হাফিজ।
