দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দলে নেই ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার পরিবর্তে মাঠে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের সঙ্গে টস করতে নামেন রাহুল। চোটের কারণে এই টেস্টে নেই কোহলি।
এমনটাই জানান রাহুল। তিনি আরও জানান, দুর্ভাগ্যবশত বিরাটের পিঠের ওপরের অংশে খিঁচুনি হয়েছে। চিকিৎসকেরা তাকে দেখছেন। আশা করি, পরের টেস্টে তিনি সুস্থ হয়ে উঠবেন।
ম্যাচের আগে টেস্ট নেতৃত্ব পাওয়ার প্রসঙ্গে রাহুল আরও বলেন, প্রত্যেক ভারতীয় খেলোয়াড়ের স্বপ্ন হলো দেশের অধিনায়কত্ব করা। সত্যি সম্মানিত বোধ করছি এবং চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি।
কোহলির পরিবর্তে জোহানেসবার্গ টেস্টের ভারতীয় একাদশে জায়গা পেয়েছেন হনুমা বিহারী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে প্রথম ইনিংস শুরু করে বিনা উইকেটে ৩৪ রান করেছে ভারত। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক-ওপেনার রাহুল (৯) ও মায়াঙ্ক আগরওয়াল (২৪)।
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল। তিন ওয়ানডে সিরিজ থেকে অধিনায়ক রোহিত শর্মা ছিটকে যাওয়ায় এই দায়িত্ব পান তিনি।
তিন টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ভারত।
