কিছু কিছু দেশের অসন্তুষ্টির কারণ খুঁজছি : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০২:১০ এএম

কোনো কোনো দেশ বাংলাদেশের ওপর অসন্তুষ্ট এবং এই অসন্তুষ্টির কারণ খুঁজে তা দূর করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় নতুন বছরে দেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে লেখা চিঠির জবাবের অপেক্ষায় আছেন জানিয়ে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। আমরা আমাদের বৈদেশিক সম্পর্কের মূলনীতি “কারও সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব” মেনেই কাজ করছি। আমরা সেই নিরপেক্ষ নীতি ধরে রাখতে চাই। আমরা সবার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে চাই।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু কিছু দেশ কী কারণে অসন্তুষ্ট, সেটি আমরা শোধরানোর চেষ্টা করব। তারা কোনো মিথ্যা তথ্যের ওপর ক্ষুব্ধ হয়ে থাকলে আমরা তাদের সত্য তথ্য দিয়ে বোঝাব। আশা করি, তারা আমাদের বুঝবে। কারণ ওইসব দেশের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তারা দায়িত্বশীলও বটে। তাছাড়া আমরা আমাদের দুর্বলতাগুলোও চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করব।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির জবাব ইতিবাচক আসবে বলে আশা করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি। আশা করি তাদের জবাবে ইতিবাচক কিছু আসবে, আমরা এ নিয়ে আশাবাদী।’

খিস্ট্রীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠিয়েছেন আবদুল মোমেন। ওই চিঠিতে র‌্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিক নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ব্লিঙ্কেনকে অনুরোধ জানিয়েছেন তিনি। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছর ১০ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

ওমিক্রন সংক্রমণ বাড়ায় বেনাপোল সীমান্ত বন্ধের কথা ভাবা হচ্ছে : ভারতের পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ায় দেশটির সঙ্গে ফের সীমান্ত, বিশেষত বেনাপোল স্থলবন্দর বন্ধের কথা ভাবছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে যে হারে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে, তাতে বেনাপোল স্থলবন্দর বন্ধ করতে হয় কি না তা নিয়ে ভাবছি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। বিভিন্ন তথ্য-উপাত্তে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বিশেষ করে পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বা বিস্তারে আমরা খুবই উদ্বিগ্ন।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আজও (সোমবার) আলাপ করছিলাম যে আমাদের সভা করা দরকার। পশ্চিমবঙ্গে যেভাবে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে, তাতে বেনাপোল বর্ডার বন্ধ করতে হয় কি না তা নিয়ে ভাবতে হচ্ছে। আশা করছি পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো পরামর্শ দিতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত