ভেঙে পড়লো ইসরায়েলি হেলিকপ্টার, ২ সেনা নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:৩০ এএম

উত্তর ইসরায়েলের সমুদ্র সৈকতে মহড়া চলাকালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে দুই পাইলট, আহত এক।

ইসরায়েল সেনাবাহিনীর টুইট অনুযায়ী, সোমবার দুই পাইলট জাহাজ থেকে হেলিকপ্টার উড়িয়ে মহড়ায় যোগ দিয়েছিলেন। কিন্তু ওড়ার পরেই তাদের হেলিকপ্টার ভেঙে পড়ে। তাতেই দুজনের মৃত্যু হয়।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষ কমান্ডো ও ডুবুরিরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করে তারা। তারাই এক আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বিশেষ বিমানে আহত জওয়ানকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। হাসপাতাল জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল।

বাকি দুই পাইলটকে বাঁচাতে পারেনি উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ইসরায়েলে তৈরি আতালেফ হেলিকপ্টার চালাচ্ছিলেন তারা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে বিশেষ তদন্ত কমিটি তৈরি হয়েছে। আপাতত মহড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

ইসরায়েলের উত্তর সীমায় ভূমধ্যসাগরে মহড়া চলছিল। নৌসেনার ওই মহড়ায় যোগ দেয় বিমানবাহিনীর অফিসার এবং জওয়ানরাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত