জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৩৯ এএম

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে নোভাক জোকোভিচকে। টেনিসের পুরুষ এককের শীর্ষ বাছাইয়ের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।  

মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পরে ভিসা সংক্রান্ত সমস্যায় বেশ কয়েক ঘণ্টা আটকে রাখা হয় জোকোভিচকে। কভিড-১৯ প্রতিষেধক টিকা না নিয়ে বিশেষ মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যান টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বুধবার অস্ট্রেলিয়ার সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে নামেন জোকোভিচ। কিন্তু এরপরই তার ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়। সার্বিয়ান তারকার ভিসার আবেদনপত্রে ভুল থাকায় তাকে বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। যার ফলে মেলবোর্ন পার্কে তার অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।  

তবে জোকোভিচের সঙ্গে এমন কিছু যে হতে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানান, ‘মেলবোর্নে পা রেখেই জোকোভিচকে জানাতে হবে, মেডিকেল প্যানেল তাকে কীসের ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে। তার বক্তব্য যদি আমাদের কাছে সন্তোষজনক মনে হয় তবেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন। না হলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। যে হোক না কেন, আমাদের দেশে কারও জন্য কোনো বিশেষ সুবিধা নেই।’

এবার মেলবোর্ন বিমানবন্দরে জোকোভিচের আটকে থাকা যেন সেই সম্ভাবনাই প্রকট হলো। হয়তো অস্ট্রেলিয়ান ওপেনে দেখা নাও যেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত