৫৫ বছর বয়সে পা রাখলেন বিশ্ববিখ্যাত সুরকার এ আর রহমান। ১৯৬৭ সালের ৬ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।
একই দিনে জন্ম এ আর রহমানের ছেলে আমিন রহমানেরও। চলতি বছর নিজের ১৯তম জন্মদিনের কেক কাটলেন রহমান-পুত্র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার জন্য তার সহজ, অকপট শুভেচ্ছাবার্তা মন ছুঁয়েছে নেটিজেনদের। পাশাপাশি, ‘চেন্নাইয়ের মোৎজার্ট’ খ্যাত এ আর রহমানের জন্মদিনের সেই শুভেচ্ছা বার্তায় হলিউডের ‘অ্যাভেঞ্জার্’ ছবির বিখ্যাত সংলাপ কায়দা করে যোগ করেছেন আমিন।
গায়ক হওয়ার পাশাপাশি মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ ছবিরও ভক্ত রহমান-পুত্র নিজের ইনস্টাগ্রামের শুভেচ্ছাবার্তায় এ আর রহমানকে ‘বিশ্বের সেরা বাবা’ হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ‘অ্যাভেঞ্জার্স’র সংলাপ ধার করে লিখেছেন, ‘আই লাভ ইউ থ্রি থাউজ্যান্ড!’
উল্লেখ্য, এর আগেও ‘ফাদার্স ডে’ উপলক্ষে এ আর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই একই সংলাপ ব্যবহার করেছিলেন আমিন।
২০১৫ সালে গায়ক হিসেবে ‘ও কাড়াল কানমানি’ নামক তামিল ছবিতে ‘মৌলা ওয়ালা সেলিম’ গান গেয়ে আত্মপ্রকাশ করেন আমিন। এরপর বাবার সুরে ‘দিল বেচারা’ ছবিতে ‘নেবার সে গুডবাই’ গানটিও করেন তিনি।
এই মুহূর্তে নিজের একটি অনুষ্ঠানের সুবাদে দুবাইয়ে রয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।
