উত্তাপ ছড়ানো এক ম্যাচে সাইফ স্পোটিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালের টিকিট কাটল আবাহনী লিমিটেড।
বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়েও দুই দল একটি করে গোল করে (৩-৩)।
পরে টাইব্রেকারে নির্ধারণ হয় খেলার ফল। যেখানে আবাহনীর জয় ৪-৩ ব্যবধানে।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আবাহনীর পক্ষে গোল করেন রাফায়েল, ডানিয়েল কলিনড্রেস ও রাকিব হোসেন। সাইফ স্পোর্টিংয়ের পক্ষে গোল করেন এমফন সানডে, এমেকা ও সাজ্জাদ।
টাইব্রেকারে আবাহনীর মিলাদ শেখ সোলাইমানি, রেজাউল করিম, মেহেদি হাসান রয়েল, নুরুল নাইম ফয়সাল লক্ষ্যভেদ করেন। সাইফের এমেরি বাইসেঙ্গে, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম লক্ষ্যভেদ করেন। জামাল ভূইয়া ও এমফন সানডের শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে জয়ের নায়ক গোলরক্ষক শহিদুল আলম সোহেল।
শনিবার শিরোপা লড়াইয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে লড়বে আবাহনী। দিনের প্রথম সেমিফাইনালে যারা ২-১ গোলে হারায় মোহামেডান স্পোর্টিংকে।
