দ্বিতীয় দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ কেউ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২:২২ এএম

নারায়ণগঞ্জে ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের কারও সন্ধান মেলেনি। গতকাল সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যুক্ত হয় নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল। সকাল সাড়ে ৯টা থেকে উদ্ধারকাজ শুরু হয়। তবে এখনো জীবিত বা মৃত কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। মেলেনি ট্রলারের সন্ধানও।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশর অফিসার আলম হোসেন বলেন, ভোর থেকে নদীতে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে। আমরা নদীতে কয়েকটি ভাগে উদ্ধার অভিযান করছি। এদিকে ধলেশ্বরী নদীর তীরে নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয় মানুষটির জন্য বারবার আহাজারি করে তাদের ফিরে পেতে চাইছে। ভোর থেকে নদীর তীরে অসংখ্য মানুষ আসতে থাকে। তাদের মধ্যে কারও সন্তান, কারও ভাই এবং নিজের সহকর্মীর সন্ধানে অপেক্ষার প্রহর গুনছেন।

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বক্তাবলী এলাকার কলেজশিক্ষার্থী সাব্বির হোসেন, নেয়ামতপুর এলাকার আবদুল্লাহ, চরমধ্যনগরের জিয়াসমিন আক্তার ও তার মেয়ে তাসমিন আক্তার, ছেলে তামিম এবং দুই বছরের শিশু তাসফিয়া। তাছাড়া দুর্ঘটনায় উত্তর গোপালনগর এলাকার মোতালেব মিয়া ও একই এলাকার মসজিদের মোয়াজ্জিন আবদুল্লাহ ও ৬৫ বছর বয়সী হকার শামসুদ্দিন নিখোঁজ রয়েছেন।

এদিকে ট্রলারটিকে ডুবিয়ে দেওয়া এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি জব্দ করে লঞ্চের চালক-মাস্টারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে বিআইডব্লিউটিএ। গত বুধবার রাতে নৌ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলো এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, ড্রাইভার মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লা। বুধবার চারজনকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ। তাদের মধ্যে উল্লিখিত তিনজনকে আসামি করা হয়। একজনকে ছেড়ে দেয় নৌ-পুলিশ।

নৌ-পুলিশের পুলিশ সুপার মিনা আক্তার জানান, ধলেশ্বরীতে যাত্রীবাহী ট্রলারটিডুবিয়ে দেওয়া এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি চালক, মাস্টার ও সুকানিকে আসামি করে মামলা হয়েছে। সদরঘাটে জব্দ করা হয়েছে লঞ্চটি।

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটির ধাক্কায় অন্তত ৩০ যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় আটজন। সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পায়নি। ঘন কুয়াশা ও অন্ধকারের কারণে রাত ৭টার দিকে প্রথম দিনের উদ্ধারকাজ স্থগিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত