চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সদের বিরুদ্ধে। মো. শহীদুল্লাহ নামে সংবাদপত্রের এক হকার তার অসুস্থ ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ভর্তি রেখে সুচিকিৎসা না পেয়ে অবশেষে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করতে বাধ্য হন। চিকিৎসাবঞ্চিত হয়ে শহীদুল্লাহ গত বুধবার সিভিল সার্জন বরাবর উপজেলা কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের দায়িত্বে অবহেলার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। মো. শহীদুল্লাহ সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার মৃত জোসন আলীর ছেলে।
অভিযোগে বলা হয়, শহীদুল্লাহ তার অসুস্থ ছেলে আল-আমীনের ঘন ঘন বমি ও তীব্র পেটব্যথা শুরু হলে গত ১৭ ডিসেম্বর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তাকে ইনজেকশন পুশ ও স্যালাইন দিয়ে রাখা হয়। কোনো টেস্ট না করেই কর্তব্যরত ডাক্তার ও নার্স জানান, আল-আমীনের পেটে অতিরিক্ত গ্যাস হয়েছে যার জন্য এমন সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালের বেডে থাকাকালে রোগীর অবস্থার আরও অবনতি হতে থাকে। ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে বাধ্য হয়ে শহীদুল্লাহ তার ছেলেকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করান। সেখানকার রিপোর্ট অনুযায়ী রোগীর অ্যাপেনডিসাইটিস ধরা পড়ে। পরে দ্রুত মানিকগঞ্জ জেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে অপারেশন করা হয়। জানা যায়, অ্যাপেনডিকসের রগ ফেটে যাওয়াতে রোগী ঝুঁকির মধ্যে ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা নবীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি অফিস টাইমের বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. লুৎফর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, আমরা একটা তদন্ত কমিটি করে দেব। তারা বিষয়টি দেখবে।’
