পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নির্দেশনা অনুযায়ী প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ করা যাবে। এ নির্দেশনা সব বয়সী মানুষের জন্য। খবর সৌদি গেজেটের।
গত বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টুইটারেও এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবার আবেদন করতে হবে। ১০ দিন পর তাদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।
সৌদি আরবে গত মাসে করোনাভাইরাসের সংক্রমণ এক লাফে অনেক বেড়ে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করেছে। সৌদি আরব সব জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে একই বিধান চালু করা হয়েছে।
গত বছর দুই ওমরাহ পালনের মধ্যে ১৫ দিনের বিরতির কথা বলা হয়েছিল। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় গত বছরের অক্টোবরে সৌদি আরব এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়। আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১০ দিন বিরতির নতুন নির্দেশনা দিল দেশটি।
