ট্রিপিয়েরকে দিয়ে ঘর গোছানো শুরু নিউক্যাসলের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৩:০৬ পিএম

ইংলিশ ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়েরকে দিয়ে নতুন করে ঘর গোছানো শুরু করল নিউক্যাসল ইউনাইটেড। অ্যাতলেতিকো মাদ্রিদ তারকার সঙ্গে ১২ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

সৌদির মালিকানাধীন হওয়ার পর খেলোয়াড় হিসেবে ৩১ বছর বয়সী ডিফেন্ডারই হলেন নিউক্যাসলের প্রথম চুক্তি। এর আগে গত নভেম্বরে কোচ এডি হাউকে নিয়োগ দিয়েছিল দ্য ম্যাগপাইরা।

২০২৩-২৪ মৌসুম পর্যন্ত সেন্ট জেমস পার্কে থাকবেন ট্রিপিয়ের। নিউক্যাসলের সঙ্গে চুক্তির পর তিনি বলেন, ‘চমৎকার এই ক্লাবের সঙ্গে যোগ দিতে পেরে আমি আনন্দিত’।

বার্নলিতে কোচ থাকাকালীন ২০১২ সালে ট্রিপিয়েরের সঙ্গে চুক্তি করেছিলেন হাউ। গত মৌসুমে অ্যাতলেতিকোর হয়ে লা লিগা জেতেন ট্রিপিয়ের। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে ১৮ মাস ছিলেন তিনি।

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে আছে নিউক্যাসল। গত অক্টোবরে সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) কিনে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবে রূপান্তরিত হয় ক্লাবটি।

নিউক্যাসলকে ইংল্যান্ডে অর্থনৈতিকভাবে সবচেয়ে ধনী ক্লাব বানানোর পথে ৩০০ মিলিয়ন পাউন্ড অঙ্কের অধিগ্রহণ অর্থ প্রদান করছে পিআইএফ। পিআইএফ-এর প্রধান হিসেবে আছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত