মুমিনুলের সেই ভাইরাল ছবি নিয়ে হাথুরুসিংহের টুইট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৬:৩৮ পিএম

মুমিনুল হকের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। দুই সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা।

সেই টেস্টে বাংলাদেশের জয়ের পাশাপাশি এক ছবিও এখন আলোচনায়। মাউন্ট মঙ্গানুই টেস্টে মুমিনুল ও কিউই পেসার কাইল জেমিসনের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিশালদেহী ‘গালিভার’ জেমিসনের পাশে দাঁড়ানো টাইগার অধিনায়ককে দেখে মনে হচ্ছিল ‘লিলিপুট’। উচ্চতার পার্থক্যের কারণে দ্রুত ভাইরাল হয়ে যায় ছবিটি।

শুক্রবার ছবিটি নিজের অফিশিয়াল টুইটারে পোস্ট করেন চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের সাবেক কোচ ছবিটির ক্যাপশনে তার সাবেক শিষ্য মুমিনুলকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এই ছোটু, সে (জেমিসন) কি তোমাকে অগ্রাহ্য করছে? আর পারবে না...।’

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও জেমিসনদের মতো বোলারদের সামলে খেলেন ৮৮ রানের ধৈর্যশীল ইনিংস।

বাংলাদেশের সবচেয়ে সফল কোচদের তালিকায় রয়েছে হাথুরুসিংহের নাম। ২০১৪-১৭ পর্যন্ত শ্রীলঙ্কান কোচের অধীনে বেশ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হারিয়েছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত