পতেঙ্গা সমুদ্রসৈকত

২১ কিমি দৌড় শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন টুকু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০১:৩০ এএম

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে একটি হাফ ম্যারাথন প্রতিযোগিতার ২১ কিলোমিটার দৌড় শেষ করে ফিনিশিং লাইনে বিজয়ের চিহ্ন দেখিয়েছিলেন দৌড়বিদ টুকু জামিল (৪৬)। এরপর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

টুকু জামিলের মৃত্যুতে আয়োজক ও প্রতিযোগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ‘টিম চট্টগ্রাম’ নামে একটি সংগঠন। নিহত দৌড়বিদ টুকু জামিল দৌড়বিদদের আরেক সংগঠন ‘টিম পটুয়াখালী’র প্রতিষ্ঠাতা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সাংবাদিক শিউলি শবনম জানান, ২১ দশমিক ১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দুই ধরনের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। টুকু জামিল ২১ কিলোমিটারে অংশ নেন। শুরু থেকেই তিনি একদম স্বাভাবিক ছিলেন।

তিনি আরও বলেন, ‘২১ কিলোমিটারের ফিনিশিং লাইনে পৌঁছে দুই আঙুল উঁচিয়ে আনন্দ প্রকাশ করেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ তিনি উপুড় হয়ে লুটিয়ে পড়েন। সবাই কাছে গিয়ে সোজা করার পর দেখি মুখে খিঁচুনি দেখা গেছে। এ সময় দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা গেছে, উনি আর নেই।’

পতেঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, টুকু জামিলকে প্রথমে নেভি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত