ক্রেইগ আরভিনকে অধিনায়ক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন অলরাউন্ডার টিনো মুতোমবদজি।
এর আগে গত বছর আগস্ট-সেপ্টেম্বরে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড সফরে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন আরভিন। এবার শ্রীলঙ্কা সফরেও অভিজ্ঞ ব্যাটারের ওপর আস্থা রেখেছে নির্বাচকেরা।
শুক্রবার ঘোষিত জিম্বাবুয়ের ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন ওপেনার ব্যাটার তাকুদজাওয়ানাশে কাইতানো ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে।
সুপার লিগের অংশ হিসেবে এই ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। সিরিজের প্রথম ম্যাচ হবে ১৬ জানুয়ারি, কেন্ডির পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৮ ও ২১ জানুয়ারি হবে পরের দুই ওয়ানডে। জিম্বাবুয়ে দেশ ছাড়বে শনিবার (৭ জানুয়ারি)
জিম্বাবুয়ে স্কোয়াড: আরভিন ক্রেইগ (অধিনায়ক), বার্ল রায়ান, চাকাবা রেগিস, চাতারা তেন্দাই, জংওয়ে লুক, কাইতানো তাকুদজাওয়ানাশে, মাদান্দে ক্লাইভ, মাধেভেরে ওয়েসলি, মাসাকাদজা ওয়েলিংটন, মুতোমবদজি তিনোতেন্দা, মুজারাবানি ব্লেসিং, এনগারাভা রিচার্ড, সিকান্দার রাজা, শাম্বা মিল্টন, শন উইলিয়ামস।
