শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০১:৪৫ এএম

সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। সেটির ব্যবস্থা  করা হচ্ছে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গতকাল শনিবার রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত বছরে করোনা মহামারীর কারণে দেশের শিক্ষার্থীদের শিক্ষায় ঘাটতি হয়েছে। গত বছর খুবই কম সময়ে শিক্ষার্থীরা ক্লাস করতে পেরেছে। শ্রেণিকক্ষে গিয়ে লেখাপড়া করার সুযোগ হয়নি। অনলাইনে বা টেলিভিশনে তারা ক্লাস করেছে। এই ঘাটতি পূরণে যেটা করা যায় তা হলো শ্রেণিকক্ষে তাদের পাঠদান করানো। সেই ঘাটতি পূরণের জন্য আমরা নানা কার্যক্রম গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাব্যবস্থার ক্ষতিটাই সবচেয়ে বেশি হবে। সন্তানদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা ছাড়া, সামনের দিনগুলোতে নতুন কারিকুলাম শুধু পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষা কার্যক্রম হবে না, শিক্ষা হতে হবে দক্ষতানির্ভর।’ তবে করোনার সংক্রমণ বেড়ে চলায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার (আজ) কভিড-১৯সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত