হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে নায়িকা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০১:৩৫ পিএম

বাগদান থেকে বিয়ে— সব আয়োজনই ছিল জমকালো। নায়িকার প্রথমবার শ্বশুরবাড়ি যাত্রা, সেই আয়োজনও হোক স্মরণীয়! যদিও হেলিকপ্টারে ভ্রমণ আজকাল নতুন কিছু নয়। তারপরও নায়িকার শ্বশুরবাড়ি বলে আলোচনা।

গত শুক্রবার শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল বিদ্যা সিনহা মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে যেতে বাহন হিসেবে বেছে নেন হেলিকপ্টার। সেই ছবি প্রকাশ হয়েছে নায়িকার সৌজন্যে।

কুমিল্লা শহরের ঈদগাহ ময়দানে হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান মিম, তার বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।

তিনি জানান, শুক্রবারই ঢাকায় ফিরেছেন। কিন্তু এবারের হেলিকপ্টারে চড়া তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

গত বছরের ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে মিমের আংটিবদল। পাঁচ তারকা হোটেলের ওই আয়োজন ছিল তারকাখচিত। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৪ জানুয়ারি।

এ দিকে ১১ জানুয়ারি চার দিনের জন্য মধুচন্দ্রিমা যাপনে মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মিম ও সনি। সেখান থেকে ফিরেই ১৫ জানুয়ারি স্বামীকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। এরপর বড়পর্দার চেয়ে ছোটপর্দায় মনোযোগ দেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে সিনেমাই তার ধ্যানজ্ঞান। মুক্তির অপেক্ষায় আছে পরান ও দামাল। শুটিং চলতি ছবির মধ্যে আছে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ও শিগগিরই শুরু হবে আবু রায়হানের ‘পথে হলো দেখা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত