কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৮:৪০ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

 রবিবার রাত ১০টার দিকে উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ আলী (৩০) ও একই গ্রামের খেড় মালিথার ছেলে রাজন আহমেদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান জানান, রবিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে ড্রাম ট্রাকে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এছাড়াও প্রথমে এই দুর্ঘটনার পরই ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে আরও একটি যাত্রীবাহী পাখি ভ্যানের পেছনে ধাক্কা দিলে ওই ভ্যানের আরও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ড্রাম ট্রাকটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলেও নিশ্চিত করেন ওসি জাবীদ হাসান।

তবে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত