আমার নতুন করে কিছু প্রমাণের নেই: কোহলি

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০:২৩ পিএম

বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই তার।

এ নিয়ে যখন নানা দিক থেকে প্রশ্ন আসছে, তখন কোহলি বললেন তিনি নির্ভারই আছেন। সঙ্গে সাফ জানিয়ে দিলেন, তার নতুন করে কিছু প্রমাণ করার নেই কাউকে।

কেপ টাউনে মঙ্গলবার সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ভারত। চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি অধিনায়ক কোহলি। তবে তৃতীয় ও শেষ টেস্টে ফিরছেন তিনি।

ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে কোহলিকে প্রশ্ন শুনতে হয় তার ফর্ম নিয়ে। এ সময় তিনি বলেন, ‘এই প্রথম নয়, এর আগেও আমার ফর্ম নিয়ে কথা হয়েছে। ২০১৪ সালের ইংল্যান্ড সফর যেমন। বাইরের লোকজন আমাকে যেভাবে আতশ কাচ নিয়ে দেখার চেষ্টা করছে, সে ভাবে নিজেকে দেখছি না।’

কোহলি বলেন, ‘আমি নিজের একটা মান তৈরি করেছি। একটা কথা খুব পরিষ্কার, দলের হয়ে প্রতি ম্যাচেই আমি পারফর্ম করতে চাই। বাইরে আমাকে নিয়ে কে কী বলছে, তা নিয়ে ভাবছি না। নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই আমার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত