জকোভিচ বললেন, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে মুখিয়ে আছি

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০:৪৪ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নামবেন কিনা, এখনো তা পরিষ্কার নয়। তবে ভিসা বাতিলের বিরুদ্ধে পাল্টা আবেদন করে আদালতের রায়ে কার্যত জয় হয়েছে নোভাক জকোভিচের। আর এরপর সার্বিয়ান তারকা নিজেও বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলার জন্য মুখিয়ে আছেন।

সোমবার বিকেলে কোর্টে নেমে পড়েন জকোভিচ। পরে টুইটারে লিখেছেন, ‘বিচারপতি আমার ভিসা বাতিলের সিদ্ধান্তকে পাল্টে দেওয়ায় আমি কৃতজ্ঞ। এই কদিন ধরে যাই ঘটুক না কেন, আমি অস্ট্রেলিয়াতেই থাকতে চাই এবং অস্ট্রেলিয়ান ওপেনে যাতে নামতে পারি, তাতে ফোকাস করছি। এই দেশে আমি এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে। ভক্তদের সামনে নামার জন্য মুখিয়ে আছি।’

গত বুধবার অস্ট্রেলিয়ায় পা দেন জকোভিচ। এরপর থেকেই চলছে নাটক। সোমবার প্রথম দফার শুনানির পর অনেকটাই স্বস্তি পেয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। কিন্তু আদালত তাকে অবিলম্বে ডিটেনশন শিবির থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও আবার রটে যায়, পুলিশ নাকি গ্রেপ্তার করেছে তাকে। আর এরপর টেনিস বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়। পরে অবশ্য সরকারের তরফে জানানো হয়, জকোভিচকে গ্রেপ্তার করা হয়নি।

আদালতের রায়ের পরই সাংবাদিক সম্মেলন করেছেন জকোভিচের বাবা, মা ও ভাই। তার মা দাবি করেছেন, ‘ওর মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। কিন্তু সারা বিশ্ব যে ভাবে ওর পাশে দাঁড়িয়েছিল, যাই বলি না কেন যথেষ্ট নয়। ওর ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। এর মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল, নোভাক কোনো ভুল করেনি। ও কোনো আইন ভাঙেনি। তারপরও ওকে হেনস্তা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত