নেত্রকোনার মোহনগঞ্জে নবজাতক কন্যাশিশুসহ মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সর্ভিসের কর্মীরা। গত রবিবার ভোরে উপজেলার বরুঙ্কা গ্রামের একটি জঙ্গল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে ওইদিন দুপুরে শিশুটিকে রেখেই ওই নারী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। খবর ছড়িয়ে পড়লে লোকজন এসে ভিড় করছে শিশুটিকে দেখার জন্য। বর্তমানে শিশুটির দেখভাল করছেন হাসপাতালের দায়িত্বরত নার্সরা। এরই মধ্যে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেক নিঃসন্তান দম্পতি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রিনা পাল বলেন, ‘শিশুটিকে আমরা সবাই মিলে পরিচর্চা করছি। পুরোপুরি সুস্থ আছে। হাসপাতালে আনার পর শিশুটির মাকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে দিনের মধ্যভাগে কাউকে না জানিয়েই হাসপাতাল থেকে চলে গেছে।’
কলুঙ্কা গ্রামের জাহাঙ্গীর আলম জানান, গভীর রাতে গ্রামের একটি জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসতে শুনে লোকজন গিয়ে ওই নারী ও নবজাতককে উদ্ধার করে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।’
