শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:০৮ এএম

রাজশাহীতে শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী কবির হোসেন (৬০) নামের ওই বৃদ্ধকে ধরে পুলিশে দিয়েছেন। এ ব্যাপারে গতকাল সোমবার সকালে কবিরের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন শিশুটির বাবা।

অভিযুক্ত কবিরের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম কবিরের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে তিনি জানান, গত রবিবার বিকেলে কবির তার প্রতিবেশী ওই শিশুকে বরই পাড়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর টাকা দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি কান্নাকাটি শুরু করলে কবির তাকে ছেড়ে দেয়। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়।

ঘটনা জানাজানি হলে এলাকাবাসী কবিরকে আটকে রেখে পুলিশে খবর দেন। সন্ধ্যায় পুলিশ গিয়ে তাকে থানায় আনে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত