স্বাধীনতাবিরোধী অপশক্তির বিনাশ প্রয়োজন : তথ্যমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৪৫ এএম

বঙ্গবন্ধুর বাংলাদেশে এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তি আস্ফালন করে, এই অপশক্তির বিনাশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আজ (গতকাল) ৫০ বছর পূর্তি। প্রকৃতপক্ষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলেও আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি ১৯৭২ সালে, যখন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু যিনি হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। যার নেতৃত্বে স্বাধীনতাসংগ্রাম, স্বাধীনতা অর্জন, সেই মহানায়ক ফিরে এসেছিলেন, সেদিনই আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তিতে বঙ্গবন্ধুর পবিত্র আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে যে আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে, খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর বাংলাদেশে আস্ফালন করে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি, তাদের দোসর স্বাধীনতাবিরোধী জামায়াত এবং তাদের জোটে এখনো সেই দলগুলো আছে যারা স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল। তারা এখনো আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই অপশক্তির বিনাশ প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত