নির্বাচককে কাঠগড়ায় তুলে বিসিবিকে চিঠি জাহানারার

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:০৬ পিএম

জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগ এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর চিঠি দিয়েছেন জাহানারা আলম।

সম্প্রতি কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দলে জায়গা হয়নি দেশের নারী ক্রিকেটের বড় মুখ জাহানারার।

এ নিয়ে জাহানারার দাবি, তাকে ক্রিকেটীয় কারণে নয়, অন্য কারণে থেকে বাদ দেওয়া হয়েছে। সেই ঘটনার তদন্তের আবেদন করেছেন তিনি।

দল থেকে বাদ পড়ার আগের সময়ে দল নিয়ে জাহানারা নিজের পর্যবেক্ষণ চিঠিতে উল্লেখ করেছেন। জাহানারার কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

ক্রিকবাজ তাদের খবরে বলেছে, জাহানারা নির্বাচক মঞ্জুরুলসহ টিম ম্যানেজমেন্টের কয়েকজনকে ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে চিহ্নিত করবেন। গত বছর সিলেটে হওয়া মেয়েদের আবাসিক ক্যাম্প থেকে বিশ্বকাপ বাছাই পর্যন্ত দলের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা বোর্ডকে অবহিত করেছেন।

নিজাম উদ্দিন বলেন, ‘আমরা জাহানারার কাছ থেকে চিঠি পেয়েছি। তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। কারণ যখন জাহানারার মাপের কোনো ক্রিকেটার অভিযোগ করছে, তখন দেখতে হবে তার মধ্যে কতটা সত্যি রয়েছে।’

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানারাকে শৃঙ্খলাভঙ্গের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দলের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এমনকি বিশ্বকাপ বাছাইয়ে নতুন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে তিনি কোনো রকম সাহায্য করেননি বলেও অভিযোগ তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিলে ৬ ম্যাচে ৯ উইকেট নেন জাহানারা।

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জাহানারার। এখন পর্যন্ত ৭১ টি-টোয়েন্টিতে ৫৫ উইকেটে ও ৪০ ওয়ানডেতে ৩৮ উইকেট তার নামের পাশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত