সরকারের বিধিনিষেধ নিয়ে জনগণের মনে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকারের অপকর্মের বিরুদ্ধে সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। তারা ১৪৪ ধারা ভেঙে সভা-সমাবেশে যোগ দিচ্ছে। এ অবস্থায় শুধু বিএনপির সভা-সমাবেশ ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি করা হচ্ছে কি না তা নিয়ে জনগণের মনে সংশয় রয়েছে।’
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে গত সোমবার রাতে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তার প্রতিহিংসামূলক, নারায়ণগঞ্জে বিএনপির চলমান গণআন্দোলনকে ঠেকাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
