কাওয়ালি অনুষ্ঠানে হামলা: ‘ধিক্কার সমাবেশ’ পুলিশের ধাওয়ায় পণ্ড

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৬:৪৫ পিএম

কাওয়ালি গানের আসরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামের একটি সংগঠনের ডাকা ‘ধিক্কার সমাবেশ’ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে একদল শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠান শুরুর আগে বুধবার সন্ধ্যায় এ হামলা হয়। 

এর প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে পুলিশ আয়োজকদের ধাওয়া করে শাহবাগ থেকে কাঁটাবন এলাকায় নিয়ে যায়।

বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করতে আসেন প্যাকের সদস্যরা। ব্যানার খুলে দাঁড়াতেই আগে থেকে শাহবাগ এলাকায় অবস্থানে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পুলিশ করোনার বিধিনিষেধের কারণ দেখিয়ে তাদের কর্মসূচি পালনে নিষেধ করে।

পুলিশ আয়োজকদের বলে, ‘যদি সরকারকে মানেন, তাহলে কর্মসূচি বন্ধ করুন।’ এর জবাবে প্যাকের এক সদস্য পুলিশের উদ্দেশে বলেন, ‘এই সরকারকে আমরা মানি না।’ একপর্যায়ে প্যাকের সেই বয়োজ্যেষ্ঠ সদস্য পুলিশের কাছে পাঁচ মিনিট সময় চান। এরপর বক্তব্যে টিএসসির কাওয়ালি গানের আসরে হামলার প্রতিবাদ জানান তিনি।

এরই মধ্যে বিপুলসংখ্যক পুলিশ তাদের সরিয়ে দিতে আসে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে কাঁটাবন মোড় পর্যন্ত নিয়ে যায়।

প্যাকের অন্যতম নেতা রাতুল মুহাম্মদ বলেন, ‘সন্ধ্যায় টিএসসিতে অনুষ্ঠিতব্য কাওয়ালি গানের আসরে আমরা অংশ নেব। পাশাপাশি শিগগিরই আরো একটি সমাবেশ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত