চবিতে মেইন গেট আটকে বিক্ষোভ-অবরোধ ছাত্রলীগের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ পিএম

দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতা কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের আগমনে বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে এ বিক্ষোভ করেন দুই শতাধিক নেতা কর্মী।

পরে সাংগঠনিক সফরে আসা কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

জানা যায়, সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো চবিতে সাংগঠনিক সফরে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধি ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল। তারা ক্যাম্পাসে প্রবেশ করার আগেই মূল ফটক আটকে দেয় ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় তারা পূর্ণাঙ্গ কমিটির দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে।

আন্দোলনকালে চবি শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রলীগ নেতা কর্মীরা পূর্ণাঙ্গ কমিটির দাবি জানিয়ে আসছে। তবে কোনো সুফল না আসায় আমরা আন্দোলনে নেমেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আশ্বাস দিয়েছেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়া হবে। তাদের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছি।

শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক রেড সিগন্যাল গ্রুপের নেতা এবং সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান দিনার বলেন, কেন্দ্রীয় নেতাদের কথা মেনে আমরা অবরোধ তুলে নিয়েছি। আশা করি তাদের আশ্বাসের ভিত্তিতে নির্ধারিত সময়েই কমিটি পূর্ণাঙ্গ হবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে কমিটির তালিকা দপ্তরে সেলে নিয়ে যেতে পারব বলে আশাবাদী।

প্রসঙ্গত, গত বছর ৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে আগ্রহী কর্মীদের থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমা দেন প্রায় দেড় হাজার নেতা কর্মী। এর আগে ২০১৯ সালের ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও প্রায় আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত