চাঁপাইনবাবগঞ্জে পৌষের রাতে ৪ ইঞ্চি শিলাবৃষ্টি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২:৫২ এএম

চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে ব্যাপক শিলাও পড়েছে। পৌষের শীতের রাতে বৃষ্টি-শিলায় দুর্ভোগে পড়েন সবাই। দিনাজপুরে দেশের সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাকিমপুরের হিলিতে হিমেল বাতাস অব্যাহত থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। প্রতিনিধিদের পাঠানো খবর :

চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে বুধবার রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়। এ সময় ব্যাপক শিলাও পড়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় এ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। শীতের মাঝের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে ছিন্নমূলসহ সাধারণ মানুষ।

স্থানীয়রা জানায়, দিনভর মেঘ-রোদের লুকোচুরি খেলার পর সন্ধ্যার দিকে একপশলা হালকা বৃষ্টি হয় কিছু এলাকায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টির সময় ব্যাপক শিলাও পড়ে। কোনো কোনো এলাকায় ৩ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত শিলার স্তর জমে যায়।

পৌষের শেষদিকের এ বৃষ্টির কারণে আমের মুকুল নিয়ে ক্ষতির শঙ্কা আমচাষিরা করলেও কৃষি বিভাগ বলছে, এ বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতি নয় বরং আরও ভালো করবে।

দিনাজপুর : ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ বৃষ্টিপাত চলতি জানুয়ারি মাসে সর্বোচ্চ। গত পাঁচ বছরে জানুয়ারি মাসে হিসাব অনুযায়ী সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯ মিলিমিটার।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, রাতের তাপমাত্রা আগামী কয়েক দিন ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং চলতি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে একটি শৈত্যপ্রবাহ আসতে পারে।

হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গত কয়েক দিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টিপাত হওয়ায় আবারও নতুন করে শীত বেড়েছে। সঙ্গে হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত হিলিতে থেমে থেমে বৃষ্টিপাত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত