ফাইনালের ড্রেস রিহার্সেলে হার সেন্ট্রালের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:১৩ এএম

বাঁহাতি পেসার আবু হায়দার রনি ভালো শট নিতে পারেন। বিপিএলকে সামনে রেখে কাল জ্বলে উঠলেন বিসিএল ওয়ানডে ইন্ডিপেনডেন্স কাপে। প্রায় সেমিফাইনাল হয়ে ওঠা ম্যাচে ২৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই পেসার। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসের ঝড়ে উড়েছেন মোস্তাফিজুর রহমান। তার শেষ দুই ওভারের ১১ বলে নিয়েছেন ৩৩ রান। অবশ্য এই ঝড়ো ইনিংসের পরও রনির দল জেতেনি। সাউথ জোনকে ৮ উইকেটে ২২১ রানের লক্ষ্য দিয়ে ৫ উইকেটে হেরেছে সেন্ট্রাল জোন। দ্বিতীয় ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাউথ। দুই ম্যাচ জয়ী সেন্ট্রালও উঠেছে ফাইনালে। কাল শিরোপা লড়াই লড়বে দু’দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচে রনি সাউথের বোলারদের ওপর ঝড় শুরুর আগে ৪৭ ওভারে ৮ উইকেটে ১৭২ ছিল সেন্ট্রালের স্কোর। রনি নিজে ১২ বলে ছিলেন ৮ রানে। পরের ৪৬ রান নিতে তিনি খেলেছেন মাত্র ১৫ বল। নিচের দিকে রনি হাল না ধরলে দুইশো রান করাও কঠিন হতো সাকিব আল হাসানহীন দলটির। ৯ রানে ২ উইকেট হারানোর পর আবদুল মজিদের ৪৬, তাইবুর রহমানের ২৩ ও মোসাদ্দেক হোসেনের ৪৪ রানে দেড়শ অতিক্রম করে তারা। মোস্তাফিজ শেষ দুই ওভারে ৩৩ রান দেওয়ার আগের ৮ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন। এছাড়া শেখ মাহেদী ২৬ রানে নেন ৩টি। জবাবে পিনাক ঘোষের ৫৪ ও তৌহিদ হৃদয়ের অপরাজিত হাফসেঞ্চুরিতে (৬৫) সহজ জয় নিশ্চিত হয় সাউথের।

সাউথ জেতায় দিনের অন্য ম্যাচে নর্থকে হারিয়েও লাভ হয়নি ইমরুল-তামিমদের ইস্ট জোনের। মাহমুদউল্লাহ ও মার্শাল আইয়ুবের দুই ফিফটিতে নর্থ করেছিলে ২১৬। আগের ম্যাচে ৯ রান করা তামিম ৩৫ ও অধিনায়ক ইমরুল কায়েসের ৭১ ১২ ওভার আগেই লক্ষ্যে পৌঁছায় ইস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত