ডব্লিউএইচওর সতর্কতা

টিকা না নেওয়াদের জন্য ওমিক্রন বিপজ্জনক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:৩৯ এএম

যারা করোনার টিকা নেননি, তাদের জন্য ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন বিপজ্জনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বুধবার সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে সংক্রমণ থেকে বাঁচতে চেষ্টা চালিয়ে যেতে হবে। খবর এএফপির।

ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ডেল্টার চেয়ে ওমিক্রনে আক্রান্তদের অসুস্থতা তুলনামূলক কম হলেও ওমিক্রন বিপজ্জনক। বিশ্বের বহু মানুষ করোনার টিকা নেননি। তাই নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আফ্রিকায় এখনো ৮৫ শতাংশের বেশি মানুষ এক ডোজ টিকাও পাননি। টিকা নিয়ে এই বৈষম্য দূর করতে না পারলে মহামারী পুরোপুরি শেষ হবে না। এখনো ৯০টি দেশ ৪০ শতাংশ ও এর মধ্যে ৩৬টি দেশ ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে পারেনি। এখন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের বেশিরভাগ টিকা নেননি।

তেদ্রোস বলেন, টিকা করোনায় গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঠেকাতে খুব কার্যকর হলেও ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের পূর্ণ সক্ষমতা টিকার নেই। সংক্রমণ যত বাড়বে, হাসপাতালে ভর্তি, মৃত্যু ও ঘরবন্দি মানুষের সংখ্যাও বাড়বে। এতে করে ওমিক্রনের চেয়েও বেশি মাত্রায় সংক্রামক এবং আরও প্রাণঘাতী করোনার নতুন কোনো ধরন আসার ঝুঁকি তৈরি হবে বলে মনে করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত