পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:৫৭ পিএম

কয়েক দিন বিরতির পর দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের চার বিভাগের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দিন আবহাওয়া শুষ্ক থাকবে।

এছাড়া, মধ্যরাত থেকে কাল শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও এবং এর কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় বলেন, কয়েক দিন বিরতির পর আবারও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে। আগামী কয়েক দিন তেঁতুলিয়ার এমন আবহাওয়া ‍স্থিতিশীল থাকতে পারে।

আজ সকাল থেকে রাজধানীর আকাশ কখনো মেঘলা, কখনো সূর্য উঁকি দিয়েছে। শনিবার এমন চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। তবে পরশু রবিবার থেকে পুরো ঝলমলে আকাশের দেখা মিলবে দেশের সর্বত্র।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় ভারতের পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আর উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় বিস্তৃত আছে। মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে, ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত