রাজশাহীর তানোরের ‘আদর্শ কৃষক’ ও বরেন্দ্র বীজ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউসুফ আলী মোল্লা মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিকেল সোয়া ৪টায় দুবইল উচ্চবিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ইউসুফ আলীর বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের দুবইল গ্রামে।
হাইব্রিড জাতের প্রভাবে ঐতিহ্যবাহী দেশীয় ধানের জাতের সমৃদ্ধ ঐতিহ্যকে রক্ষা করার জন্য ইউসুফ মোল্লা ৫০ বছর আগে তার বাড়িতে ও বাড়ির পাশে এক বৈঠকখানায় ধান বীজ সংগ্রহ শুরু করেন।
তিনি লুপ্ত ধান সংরক্ষক, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কৃষক, তানোর নদী রক্ষা কমিটির আহ্বায়ক, তানোর সাহিত্য পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। ২০১৩ সালে ধান সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে পরিবেশ পদক গ্রহণ করেন। ইউসুফ মোল্লা তার বীজের সংগ্রহশালার নাম দিয়েছেন ‘বরেন্দ্র কৃষিবীজ ব্যাংক’।
