অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব: মন্ত্রণালয়

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৪:২৫ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে যা একটি গুজব।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি জানিয়ে এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকার এ মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে এতে জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত