করোনা: ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১৩৬ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৪৭ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ৪ জন ঢাকার, ২ জন সিলেটের এবং ১ জন বরিশালের।

এর আগের ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ। গতকাল ৪ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে, গত বছরের ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। গত ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত