জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা ঢাকায় এসে পৌঁছেছেন।
৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ কাবরেরা শনিবার রাতে ঢাকায় পৌঁছান। এক সপ্তাহে আগে তাকে নিয়োগের কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ মাসেই ইন্দোনেশিয়ায় জামাল ভূঁইয়াদের দুটি প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের সঙ্গে কাজ শুরুর কথা ছিল কাবরেরার। কিন্তু ফুটবলারদের সবার টিকা নেওয়া না থাকায় ইন্দোনেশিয়া সফর বাতিল হয়ে গেছে। আপাতত তাই জাতীয় দলের সঙ্গে কাজ শুরুর জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কাবরেরাকে।
তবে নতুন দায়িত্ব শুরু করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কাবরেরা। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘অবশেষে বাংলাদেশে আসতে পেরে খুব খুশি। নতুন দায়িত্ব শুরু করার জন্য মুখিয়ে আছি। খুব শিগগির জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চাই।’
নতুন এই কোচের সঙ্গে ১১ মাসের চুক্তি করেছে বাফুফে। এ বছরের ডিসেম্বর পর্যন্ত জামালদের দায়িত্বে থাকবেন তিনি।
