নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে আজ সোমবার আওয়ামী লীগ অংশ নেবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
গতকাল রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি বিকেল ৪টায় (আজ সোমবার) বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলটির ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
