অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১০:৩৭ পিএম

সাধারণ প্রশ্ন

১. ডলফিন কিক কাকে বলে? প্রজাপতি সাঁতারের কৌশল বর্ণনা কর।

ডলফিন কিক : ডলফিন কিক প্রজাপতি সাঁতারে ব্যবহার করা হয়। প্রজাপতি সাঁতারে পা দুটো একত্রে সোজা রেখে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় পায়ের পাতা বাইরের দিকে রেখে ডলফিনের মতো পা দ্বারা ধাক্কা মারাকে ডলফিন কিক বলে।

প্রজাপতি সাঁতারের কৌশল : এই সাঁতার দেখতে অনেকটা প্রজাপতির মতো দেখায় বলে একে প্রজাপতি সাঁতার বলে।

প্রজাপতি সাঁতারের কৌশল নিম্নরূপ

দেহের অবস্থান

১. এই সাঁতারে শরীর খুব দ্রুত ওঠা-নামা করে।

২. পা দ্বারা যখন নিচের দিকে লাথি মারা হয় কোমর তখন ওপরের দিকে উঠে আসে।

৩. পুনরায় পানি টানার জন্য হাতকে যখন প্রস্তুত করা হয়, তখন মাথা ও ঘাড় পানির নিচে চলে যায়।

৪. আবার যখন হাত দ্বারা পানি টানা হয় তখন ঘাড় ও মাথা পানির ওপর দিকে জেগে ওঠে।

৫. দুই পা জোড়া করে একই সঙ্গে হাতকে প্রসারিত করা হয়।

৬. মাথা ওপরে থাকা অবস্থায় শ্বাস নিতে হয়।

হাতের কাজ

১. প্রজাপতি সাঁতারে হাতের কাজ হবে একসঙ্গে। পানির ওপরে হোক আর নিচে হোক, হাতকে আগে-পরে করা যাবে না।

২. হাতের কনুইকে বাঁকা এবং উঁচু করে ও বাহিরমুখী করে পানিতে চাপ দিতে হবে।

৩. হাত মাথা বরাবর সোজা রাখতে হবে।

৪. বুকের দুই পাশ থেকে শরীর ঘুরিয়ে বুকের নিচে হাতকে নিয়ে আসতে হবে।

৫. পানির নিচে হাতকে কোমর পর্যন্ত নিয়ে যেতে হবে।

পায়ের কাজ

১. প্রজাপতি সাঁতারে পায়ের অবস্থান হবে ডলফিন কিকের মতো। দুই পা কোনো অবস্থাতেই আগে পরে হলে চলবে না, পা একসঙ্গে ওঠা-নামা করতে হবে।

২. শরীর শোয়ানো অবস্থায় পা দুটো একত্রে সোজা করে রাখতে হবে।

৩. সাঁতারুকে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় কাঁধের ওপর ভর করে ঢেউ খেলানোর ভঙ্গিতে পা সামনের দিকে নিয়ে যেতে হবে।

শ্বাস-প্রশ্বাস

১. প্রজাপতি সাঁতারে শ্বাস-প্রশ্বাস গ্রহণের কাজে সামনে ও পাশে ফিরে উভয় দিকে করা গেলেও বিশ্বখ্যাত সাঁতারুরা সামনের দিকেই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে থাকে। 

২. মাথাকে ওপরে তোলা অবস্থায় মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করতে হবে।

৩. শ্বাস গ্রহণের সময় ঘাড় নমনীয় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত