তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। সম্মেলন শুরুর ঠিক আগে ২ বিভাগীয় কমিশনার ও ৫ ডিসি করোনায় আক্রান্ত হয়েছেন। বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। করোনার কারণে এবার ভার্চুয়ালি জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। প্রথম দিন সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করবেন।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ডিসি সম্মেলনে এবার আমরা সবকিছু একটু পরিবর্তন করে দিয়েছি। এজন্য আমরা ওসমানীতে নিয়ে গেছি, যাতে পর্যাপ্ত স্পেস পাওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠানেও কাউকে দাওয়াত দেওয়া হয়নি। শুধু ১৫ জন মন্ত্রী ও ১৫ জন সচিবকে দাওয়াত দেওয়া হয়েছে। কার্য অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব স্টেজে বসবেন, জেলা প্রশাসকরা নিচে ছড়িয়ে-ছিটিয়ে বসবেন। এবার সম্মেলনে মোট ২৫টি অধিবেশন হবে। এরমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ২১টি। এছাড়া একটি উদ্বোধন অনুষ্ঠান, রাষ্ট্রপতির দিকনির্দেশনা গ্রহণ নিয়ে একটি, স্পিকারের শুভেচ্ছা বক্তব্য নিয়ে একটি ও প্রধান বিচারপতির শুভেচ্ছা বক্তব্য নিয়ে একটি অধিবেশন হবে। খন্দকার আনোয়ারুল বলেন, ‘সম্মেলনে মোট ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করবে। কার্য অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন।’
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দেশের দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচ জেলা প্রশাসক (ডিসি) করোনায় আক্রান্ত হয়েছেন। এই জন্য মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ডিসি সম্মেলনে তারা উপস্থিত হতে পারবেন না। করোনা আক্রান্ত কর্মকর্তারা হলেন- রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, রাজশাহী ও লক্ষ্মীপুরের ডিসি। সম্মেলনকে কেন্দ্র করে বিভাগীয় কমিশনার ও ডিসিদের করোনা পরীক্ষা করা হয়। এতে মাঠ প্রশাসনের এই সাত কর্মকর্তার রিপোর্ট পজেটিভ এসেছে।
