সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন ও পরিচালক ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেমসহ আট কর্মকর্তা ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।
দুদক সচিব বলেন, এসবিএসি ব্যাংকের বিজয়নগর (তৎকালীন মতিঝিল) শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে কোনো রূপ যাচাই-বাছাই ছাড়াই রাফি মাহি কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক ঋণ অনুমোদনের আগেই এসএম আমজাদ হোসেন ১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তা পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করায় আসামি সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনসহ আটজনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে একটি মামলা করেন।
তিনি আরও বলেন, এসবিএসি মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে কোনো রূপ যাচাই-বাছাই ছাড়াই ভুয়া এসওডি-ওয়ার্ক অর্ডারের বিপরীতে ওই ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের নির্দেশে প্রধান কার্যালয়ের অনুমোদন না নিয়েই ৬ কোটি ৮ লাখ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। এ ঘটনায় আরেকটি মামলা করা হয়।
