ট্রাকে চাঁদাবাজি বন্ধে ডিসিদের সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০২:২২ এএম

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা কৃষিপণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গতকাল বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের কৃষিমন্ত্রী এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতেই মধ্যস্বত্বভোগী আছে। এর বাইরেও আরও কিছু আছে অপ্রত্যাশিত। বিভিন্ন জায়গায় ট্রাক বা ... তাদের এক্সট্রা খরচ করতে হয়। এটাকে কীভাবে কমানো যায়, প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমরা বলেছি, এটা কতটুকু? প্রত্যেক ডিসি বলেছেন, তারা দায়িত্ব নেবেন।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কেবিনেট সচিব বলেছেন, তারা একটি গবেষণা আমাদের সঙ্গে করাবেনএকটা ট্রাক ঈশ্বরদী বা দিনাজপুর থেকে যে এলো, এটি ঢাকায় এসে অ্যাকচুয়ালি কত দাম পেল। দিনাজপুরে কিংবা ঈশ্বরদী কিংবা সাতক্ষীরায় চাষিরা মাঠ পর্যায়ে ফসল বিক্রি করে ১৫ টাকা পাচ্ছে প্রতি কেজিতে। ঢাকায় এসে সেটা কেন ৪০-৪৫ টাকা হবে?’

আব্দুর রাজ্জাক বলেন, ‘ট্রাকের খরচ বা কোথাও চাঁদাবাজির শিকার যদি তারা হয়ে থাকে, তাহলে কত টাকা কোথায় দিল? সেটা আমরা বের করি। বের করে তারপর আমরা চেষ্টা করব জাতীয় পর্যায়ে একটি ব্যবস্থা নিতে, যাতে এটি বন্ধ করা যায়।’

ডিসি সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ডিসিদের বলেছি, সামনে রমজান মাস আসছে, কিছু কিছু জিনিসের দাম আমরা ঠিক করে দিই। সেগুলো কঠোরভাবে তদারকি করতে হবে। সে সময় যেন তারা খুব শক্ত ভূমিকায় থাকেন, আইনগত ব্যবস্থা যেন নেন।’

কোরবানি ঈদের সময় চামড়া কেনাবেচা ইস্যুতেও ডিসিদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিসিদের ওপর আমাদের অনেকখানি নির্ভরতা আছে। জিনিসপত্র যখন মফস্বল থেকে আসে চাঁদাবাজিতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, দাম যাতে না বাড়ে, মধ্যস্বত্বভোগী যাতে কমিয়ে আনা যায়, কৃষক যাতে ন্যায্য দাম পায়এসব ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়েছে।’

এ সময় ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির বিষয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতি বছর ২০ লাখ টন ভোজ্য তেল দরকার হয়। দেশে ২ লাখ টন উৎপাদিত হয়। বাইরে থেকে তেল আনতে হয় বলে আন্তর্জাতিক বাজারে যখন দাম বাড়ে তখন দেশেও এর প্রভাব পড়ে। ফলে দেড়-দুই মাস পরপর দাম সমন্বয় করতে হচ্ছে। এটা না করলে সামনে রমজান মাস, ব্যবসায়ীরা এলসি ওপেন না করলে সেটা আরও ভয়াবহ হবে। এ জন্য তাদের সঙ্গে কথা হয়েছে, আগামী মাসের ৬-৭ তারিখে বসে আন্তর্জাতিক বাজার এবং এর সঙ্গে আনুষঙ্গিক খরচ মিলিয়ে দাম নির্ধারণ করব।’

সার চোরাচালান রোধের পাশাপাশি ডিলারদের কাছ থেকে অসাধু ব্যবসায়ীরা যাতে সার নিতে না পারে, তা তদারক করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পমন্ত্রী জানান, দেশে যে সার উৎপন্ন হয় তা যথেষ্ট নয়, এ জন্য সার আমদানি করতে হয়। যে লক্ষ্যমাত্রা আছে তা পূরণ হয়েছে। এখন বাফার স্টকও আছে। কম পড়ার কোনো সম্ভাবনা নেই। ডিসিরা তদারকি করবেন। মজুত ঠিক আছে কি না এবং সঠিকভাবে তা বিতরণ করছে কি না, ডিসিরা তা দেখবেন।

ডিসিদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম এবার উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে। ১ হাজার ৭৬০টি ডিলারের মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। বাজারে চালের দাম বাড়ার পেছনে যুক্তি দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চালের দাম যেমন বৃদ্ধি পেয়েছে, গমের দামও বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে মিনিকেট যেটা আসে, আমরা ২৫ ভাগ পর্যন্ত ট্যাক্স এনে দেওয়ার পরও ১৭ লাখের অর্ডার করে মাত্র ১০ হাজার পেয়েছি। তার অর্থ, সেখানে এত দাম বেড়েছে সেটা এনে এখানে পোষাচ্ছে না। জাহাজের ভাড়াও চার-পঁাঁচ গুণ বেড়েছে।’

ডিসিদের সঙ্গে বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম সাংবাদিকদের জানান, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে ডিসিদের সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রশাসনের কর্মকর্তাদের অংশ নেওয়ার প্রস্তাবের বিষয়ে আলী আজম বলেন, ‘ইউএন মিশনের বিষয়টি নির্ভর করে যে দেশে ইউএন মিশন যাবে সেই মিশনের চাহিদার ওপর ভিত্তি করে। যেসব দেশের লোকজন ইউএন মিশনে বেশি কাজ করেন, সেসব দেশের লোকজন এই সুযোগ-সুবিধাগুলো পান। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জেলা পর্যায়ে আইএমইডির (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) কার্যালয় স্থাপনের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন ধরে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে একটি ফাইল ঝুলে আছে। এ বিষয়ে সচিব বলেন, ‘হয়ত পেন্ডিং আছে, পর্যালোচনা করে দেখব।’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী পলিথিনের বিস্তার রোধ করে পাটের ব্যবহার নিশ্চিতের জন্য ডিসিদের প্রতিমাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন। 

পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে সুরক্ষা এবং টিলা ও পাহাড় কাটা বন্ধ করে পরিবেশ বাঁচাতে জেলা প্রশাসকদের তৎপরতা চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত