শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলা ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে দলটির নেতা-কর্মীরা।
বিক্ষোভ থেকে ‘ছাত্রলীগ ও পুলিশের বর্বরোচিত হামলার’ প্রতিবাদ জানানোর পাশাপাশি ‘সাধারণ শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি তোলেন।
সমাবেশ থেকে দাবি করা হয়, ‘বেহায়া ভিসি’র নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
এ দিকে শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে অনশনকারী ২৪ শিক্ষার্থীএখনো তার বাসভবনের সামনে অবস্থান করছেন। বুধবার বেলা ৩টা থেকে আমরণ অনশন শুরু করেন এই শিক্ষার্থীরা।
গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
উপাচার্যের পদত্যাগ দাবি ছাড়াও শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার এবং ক্যাম্পাস অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত বাতিল।
