নরসিংদীর বেলাবতে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট এলাকার একটি কলাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্থানীয় এক নারী কলাক্ষেতে পাতা কুড়াতে এসে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ কলাক্ষেতে ফেলে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
‘কিশোরের পরিচয় ও হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডির সদস্যরা কাজ করছে। আশা করছি দ্রুত সময়ে আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো।’
