গ্রীষ্মকালীন দল বদলের আগে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ ফুটবলে আলোচনার অন্যতম বড় বিষয় হতে যাচ্ছে। ফরাসি তারকা প্যারিসের ক্লাবে থেকে যাবেন না অন্য ঠিকানা বেছে নেবেন, সে নিয়ে কৌতূহলী হবে সবাই।
তবে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে রেখেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
এমবাপ্পে নিজেও সব সময় লস ব্লাঙ্কোসদের প্রতিনিধিত্ব করতে চেয়েছেন। কিন্তু পিএসজিও তাদের অন্যতম সেরা তারকাকে ছাড়তে চাইবে না। ফরাসি দৈনিক লেকিপকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ইব্রাহিমোভিচ।
এমবাপ্পের ভবিষ্যৎ বিষয়ে প্রশ্নের উত্তরে বলেছেন, ‘একমাত্র এমবাপ্পেই এই প্রশ্নের উত্তর দিতে পারে। এটা সত্য যে একদিন সে আমাকে জিজ্ঞেস করেছিল এবং আমি উত্তর দিয়েছিলাম।’
এমবাপ্পেকে ইব্রাহিমোভিচ যা বলেছিলেন তা হলো, ‘আমি যদি তুমি হতাম, তাহলে রিয়াল মাদ্রিদে যেতাম।’
ওই সাক্ষাৎকারে এসি মিলান ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ আরো বলেন, ‘আমার বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলার সুযোগ হয়েছে। এভাবেই আমি শিখেছি এবং বড় হয়েছি। ঘরে (নিজ দেশে) খেলা আপনার পুরো ক্যারিয়ারের জন্য সহজ।’
