চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন আলীনগর হাজির মোড় এলাকায় সোমবার ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৬ ডাউন ট্রেনটি হাজির মোড় এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ভটভটি সামনে আসলে ধাক্কা দেয়।
এতে ভটভটিতে থাকা চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আলীনগরের সেহের আলী (৪৫), ফুলচান আলী (৫০) ও ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের নাইমুল হক (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সকালে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করছে।
দুর্ঘটনার পর ট্রেনটি ওই এলাকায় প্রায় ২০ মিনিট আটকা পড়ে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
