মুজিব কোটের মানুষরাই দায়িত্ব পাবে, এটি শুধু রিহার্সাল: রিজভী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০২:১১ পিএম

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিতে প্রধানমন্ত্রীর ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, মুজিব কোটের মানুষরাই দায়িত্ব পাবে, এটি শুধু রিহার্সাল।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বনানীর কবরে কোরআনখানি, ফাতিহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদন শেষে সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিজভী।

সার্চ কমিটি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘যে সার্চ কমিটি উপস্থাপন করা হয়েছে তা দেখে জানা গেছে, এখানে প্রধানমন্ত্রী ইচ্ছারই প্রতিফলন হচ্ছে। আমরা আগেও বলেছিলাম, মুজিব কোটের মানুষরাই এর দায়িত্ব পাবে। এটি শুধুমাত্র রিহার্সাল চলছে।’

‘যেভাবে একতরফাভাবে হুদা কমিশন, রকিব কমিশন গঠন করেছিলেন, সেই রকম আরেকটি কমিশন গঠন করছেন তারা’ যোগ করেন বিএনপি মুখপাত্র।

নির্বাচন কমিশন আইন নিয়ে তিনি বলেন, ‘আইন প্রণয়ন করতে হলে সংসদে আইন পাস করতে হয়। কিন্তু কোন সংসদে পাস করবে? এখনতো একদলীয় ও বাকশালি পার্লামেন্ট। সেখানে যে আইন হবে, তা প্রধানমন্ত্রীর ইচ্ছায় হবে।’

কোকোর স্মৃতিচারণ করে রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের দাবিতে যখন বিএনপি চেয়ারপারসন নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সেই গুলশানের বিএনপি কার্যালয় অবরুদ্ধ রাখার জন্য চারদিকে বালুর ট্রাক, কাঠের ট্রাক রাখা হয়েছিল। গোল মরিচের স্প্রে করা হয়েছিল।

তিনি বলেন, ‘তখন প্রবাসে থাকা দেশনেত্রীর ছোট সন্তান আরাফাত রহমান কোকো মায়ের প্রতি এই অন্যায়, অবিচার সহ্য করতে পারেননি। এই কষ্টে মৃত্যুবরণ করেন তিনি। লাশ দেশে আনা হলো গুলশান কার্যালয়ে অবরুদ্ধ মায়ের কাছে। অবরুদ্ধ মায়ের কোলে সন্তানের লাশ দেখে শুধু খালেদার পরিবারই নয়, গোটা জাতি শোকে বিহ্বল হয়ে পড়ে।’

রিজভী বলেন, ‘কোকোর মৃত্যু নিছক একটি মৃত্যুর ঘটনা নয়, বরং সামগ্রিক আন্দোলন, গণতন্ত্র মুক্তি আন্দোলন, জনগণের মুক্তি আন্দোলনে আত্মাহুতি। আমরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে পারি, তাহলে তার এই আত্মদান সার্থক হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত