মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা মামলায় মহেশখালীর পৌরমেয়র কারাগারে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৩:৫৩ পিএম

কক্সবাজারের মহেশখালীতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার মামলায় পৌরসভার মেয়র মকসুদ মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে মকসুদ মিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন কক্সবাজার চিফ আদালতের মুখ্য বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বাবলু মিয়া।

তিনি জানান, মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দায়ের করা একটি হত্যা চেষ্টার মামলায় উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। 

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর মহেশখালী পৌর এলাকার গোরকঘাটা হিন্দুপাড়া রাস্তার মোড়ে হামলার শিকার হন মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।

এই ঘটনায় মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।

গত ২০ অক্টোবর নৌকা প্রতীক নিয়ে টানা ৩ বার মেয়র নির্বাচিত হন। তিনি মহেশখালী পৌরসভার সিকদার পাড়ার যুদ্ধাপরাধীর তালিকাভুক্ত রাজাকার হাসেম সিকদারের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত